জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ দুই ভাই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন,
সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করতে চাই। টুকু বলেন, আচরণবিধি মেনেই আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। টাঙ্গাইলের মানুষকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমূখ।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলায় প্রায় ১৭ বছর কারাভোগ করেন তিনি।
অন্যদিকে, বিএনপির মনোনয়ন পেয়ে সুলতান সালাউদ্দিন টুকু ২০০৮ সালের নির্বাচনে টাঙ্গাইল ২ ভুয়াপুর গোপালপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার টাঙ্গাইল-৫ আসর থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।