জনতার কন্ঠ ডেস্ক
সখিপুরের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। ফলে মা ও শিশুদের টিকা কার্যক্রম বন্ধ রয়েছে।
★ নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সখিপুরের স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছে। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করেছেন তারা। ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সখিপুরসহ সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু। কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও পড়বে অনিশ্চয়তার মুখে। এতে টিকা থেকে বঞ্চিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।সখিপুরে স্বাস্থ্য সহকারীদের নেতা কামাল হোসেন বলেন, আমরা সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা বারবার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। আর আশার বাণীতে বিশ্বাসী নই, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারীও কর্মস্থলে ফিরব না।

