সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এ তথ্য জানায়।
প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খরশিলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের এসআই মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. জাহিদ মিয়ার (৫৪) নিজ বসতবাড়ি থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় জাহিদ মিয়ার পুত্রবধূ মারফুজা সুলতানা (২৪), স্বামী- নয়ন আহমেদকে আটক করা হয়। তবে অভিযানের সময় জাহিদ মিয়া পালিয়ে যান। পরে পলাতক জাহিদ মিয়া ও গ্রেপ্তার মারফুজা সুলতানার বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ১৬।
অপরদিকে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান ও মোছা. ফারহানা আরেফীন জুঁইয়ের যৌথ নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া চার রাস্তার মোড় এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন,হাতিলা এলাকার মো. হাবিবুর রহমান (৩৫) এবং কায়মারা এলাকার জাহিদুল (২৮)।
ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হাবিবুর রহমানকে ৩ মাস এবং জাহিদুলকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

 

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ