
সুপ্রিম কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও টাঙ্গাইলের মির্জাপুরে জোরপূর্বক জমি দখল করে বেআইনিভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শুধু পাকা স্থাপনাই নয় সেখানে থাকা বেশ কয়েকটি গাছ কেটে ফেলারও অভিযোগ উঠেছে আব্দুল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, মহেড়া ইউনিয়নের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল করিমের সাথে বিরোধ চলছে ভাতকুড়া গ্রামের সোহরাব হোসেনের সাথে। জমিটির মালিকানা সংক্রান্ত জটিলতা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আইন অনুযায়ী, মামলা চলমান থাকা অবস্থায় বিতর্কিত জমিতে যেকোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ বা জমির রূপ বদল করা সম্পূর্ণ বেআইনি। কিন্তু আদালতের সেই আইনকে তোয়াক্কা না করেই আব্দুল করিম স্থানীয় একদল প্রভাবশালীর সহযোগিতায় জোরপূর্বক জমিটি নিজের দখলে নেন। শুধু তাই নয়, সেখানে তড়িঘড়ি করে একটি স্থায়ী ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন তিনি। এদিকে এর আগেও একই জায়গা নিয়ে জজকোর্ট ও হাইকোর্টের দুটি মামলার রায় সোহরাব হোসেনের পক্ষে হলেও পুনঃরায় সেটিকে আপিল করায় সেটি এখনও বিচারাধীন। ভুক্তভোগী সোহরাব ও তার ছেলে এস.এম শরীফ আল মামুন জানান, জমিটি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে কোনো কিছু করছি না। কিন্তু আব্দুল করিম আইনের কোনো তোয়াক্কা না করে জোর খাটিয়ে আমাদের জমিতে স্থায়ী ভবন তুলছেন।