জনতার কন্ঠ ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও ভয়াবহ বাস্তবতা সামনে এলো।
চলন্ত বাসে এক কলেজশিক্ষার্থীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সাভার থেকে আশুলিয়াগামী একটি বাসে উঠে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন ওই নারী। বাসে থাকা অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর তাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাসটি বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং রাতভর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা বাসটি আটক করে হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে লোমহর্ষক এই ঘটনা। পরে ভিকটিম ও গ্রেফতারকৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।উদ্বেগের বিষয়, এই মহাসড়কেই কয়েক মাস আগেও যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। প্রশ্ন থেকেই যায়—যাত্রী নিরাপত্তা কোথায়? চলন্ত বাস কি নারীদের জন্য নিরাপদ নয়?এমন ঘটনায় শুধু গ্রেফতার নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবহন খাতে কঠোর নজরদারি। না হলে একই গল্প বারবার ফিরে আসবে, বদলাবে না বাস্তবতা।